আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬ ১০:৫০ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার সম্ভাব্য পাচার রোধে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় টহল হল ও তৎপরতা জোরদার করেছে বিজিবি। একই সাথে পঞ্চগড়ের ১৩৫ কিলোমিটার সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন বাংলাবান্ধা স্থলবন্দর ও বিভিন্ন সীমান্ত এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে।
শনিবার (৭ মার্চ) সকাল থেকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন বাংলাবান্ধা স্থলবন্দর ও বিভিন্ন সীমান্ত এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে। বিজিবি জানিয়েছে, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরসহ বিভিন্ন সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার রোধে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহন ও মালামাল তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি, ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পারাপার হওয়া যাত্রীদের তল্লাশি ও সীমান্তজুড়ে টহল কার্যক্রম বাড়ানো হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
বিজিবি আরও জানায়, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করছে বিজিবি। পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চগড়, ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, ভুটান ও নেপাল থেকে আগত পাথরবাহী ট্রাকসমূহের ওপর বিজিবি কর্তৃক নিবিড় নজরদারি ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বন্দরে প্রবেশ ও প্রস্থানের সময় ট্রাকগুলোকে অধিক সতর্কতার সঙ্গে তল্লাশি করা হচ্ছে, যাতে কোনোভাবেই অবৈধভাবে জ্বালানি তেল পরিবহন বা পাচারের সুযোগ না থাকে।