admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ মে, ২০২২ ১০:৪৮ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ বৃষ্টিতে ভিজতে গিয়ে শহীদ রফিক-জব্বার ( জাবি)আবাসিক হলের পাঁচ তলার ছাদ থেকে পড়ে আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র অমিত কুমার বিশ্বাস মারা গেছেন। নিহত অমিত খুলনার অজয় কুমার বিশ্বাসের ছেলে। মঙ্গলবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের ছাদ থেকে পড়ে মারাত্মকভাবে আহত হন ওই শিক্ষার্থী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সোহেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন অমিত কুমার বিশ্বাস। অধ্যাপক সোহেল আহমেদ জানান, বৃষ্টিতে ভেজার সময় ছাদ থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন অমিত কুমার বিশ্বাস। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও জানান, তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।
হাসপাতালে নেওয়ার পর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। এদিকে ছাদ থেকে পড়ে অমিতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবার সহপাঠী ও হলের শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।