admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২১ ৮:১৪ অপরাহ্ণ
ছাত্রলীগের আনন্দ মিছিল মুরাদের পদত্যাগে ও কুশপুত্তলিকা দাহ। দেশজুড়ে এখন আলোচনার বিষয় একটাই, ডা. মুরাদ হাসান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আজ মঙ্গলবার দুপুরে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। এই খবর প্রকাশ হওয়ার পর মুরাদ হাসানের সংসদীয় এলাকা জামালপুরের সরিষাবাড়ীতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলুর নেতৃত্বে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় আরামনগর বাজার ট্রাকস্ট্যান্ড এলাকায়। মিছিল শেষে ডা. মুরাদ হাসানের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
এর কিছুক্ষণ পর আরেকটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় পৌর আওয়ামী লীগের নেতৃত্বে। মিছিল শেষে পটকা ফুটিয়ে উল্লাস করা হয়। এদিকে, ডা. মুরাদ হাসানকে আওয়ামী লীগের দলীয় পদ থেকেও বহিষ্কারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন ক্ষমতাসীন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। জাতীয় সংসদ ভবনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, মুরাদ হাসানকে দল থেকে বহিষ্কারের বিষয়ে দলের আগামী কার্যনির্বাহী বৈঠকে সিদ্ধান্ত হবে।
সম্প্রতি একের পর এক বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ডা. মুরাদ হাসান। বিভিন্ন দল এবং সংগঠন থেকে তো বটেই, খোদ আওয়ামী লীগ থেকেই তার পদত্যাগের দাবি ওঠে। এ অবস্থায় গতকাল সোমবার রাতে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। কিছুদিন আগে সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে নেওয়ার কথা বলেছিলেন প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এরপর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতি জাইমা রহমানকে নিয়েও অশ্রাব্য ভাষায় কথা বলেন। সবশেষ এক নায়িকার সঙ্গে নোংরা ও অশ্লীল ফোনালাপের অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় ওঠে।