admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২১ ১০:২৭ অপরাহ্ণ
চীন-রাশিয়ার ঐক্যমত ইরানের পরমাণু সমস্যা সমাধানে। ইরানের পারমাণবিক চুক্তি পুনর্বহালের আলোচনাকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে চায় চীন ও রাশিয়া। বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। বুধবার, ৩ নভেম্বর, এ বিষয়ে চীন ও রাশিয়ার দুই শীর্ষ কূটনীতিকের মধ্যে ফোনালাপে এ বিষয়টি উঠে এসেছে। রাশিয়ার সংবাদ সংস্থা তাসের খবরে বলা হচ্ছে, ইরানের পরমাণু চুক্তি এগিয়ে নিতে চীন ও রাশিয়া কৌশলগত যৌথ কার্যক্রম চালিয়ে যেতে প্রস্তুত।

তারা এ সমস্যার রাজনৈতিক নিষ্পত্তির জন্য যৌথভাবে প্রচার করবে বলে একমত হয়েছেন চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওসু এবং রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই দুই শীর্ষ কূটনীতিক কথোপকথনের সময় বিভিন্ন বিষয়ে একমত হয়েছেন। তারা ইরানি পারমাণবিক কর্মসূচির (জেসিপিওএ) বিষয়ে যৌথ সমন্বিত কর্ম পরিকল্পনায় জোর দিয়েছেন। তারা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সংশ্লিষ্ট পক্ষের প্রত্যেকের স্বার্থ বিবেচনায় নিয়ে কাজ করতে একমত হয়েছেন।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এর আগে জি২০ সম্মেলনের সময় বলেছিলেন, ইরানের পরমাণু চুক্তি পুনর্বহালে রাশিয়া পুরোপুরি সমর্থন করে। চুক্তিটিতে ২০১৫ সালে তেহরানের সাথে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং জার্মানির পাঁচ স্থায়ী প্রতিনিধি স্বাক্ষরিত করেছিল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে চুক্তিটি ভঙ্গ করার সিদ্ধান্ত নেন।
তবে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বার বার চুক্তিটি পুনর্বহালের কথা বলেছেন। ফাইভ প্লাস ওয়ান গ্রুপ তথা- রাশিয়া, যুক্তরাজ্য, জার্মানি, চীন, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স এপ্রিল থেকে ভিয়েনায় এ বিষয়ে আলোচনা করছে। পরবর্তী রাউন্ডের আলোচনা শুরুর তারিখ আগামী ২৯ নভেম্বর নির্ধারিত রয়েছে।