admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ জুন, ২০২১ ৯:২৪ অপরাহ্ণ
চীনের ৬ লাখ ডোজ করোনার টিকা ঢাকায় এসে পৌঁছেছে। বাংলাদেশকে উপহার দেওয়া চীনের করোনার টিকা ঢাকায় এসে পৌঁছেছে। বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ দুটি উড়োজাহাজ চীন থেকে সিনোফার্মের এসব টিকা নিয়ে আজ রোববার বিকেলে ঢাকায় আসে। এর আগে টিকা আনতে গতকাল শনিবার বেইজিং যায় উড়োজাহাজ দুটি। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এ এইচ এম তৌহিদ-উল আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (আজ) বিকেল ৫টা ২৯ মিনিট এবং ৫টা ৩৩ মিনিটে উড়োজাহাজ দুটি টিকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম জানান, বিমানবাহিনীর দুটি পরিবহন বিমান চীন থেকে টিকা বহনকারী বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে বিমান দুটি কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণ করে। টিকাগুলো আপাতত সেখানেই সংরক্ষণ করা হবে।
উল্লেখ্য, এর আগে গত ১২ মে চীনের উপহারের প্রথম ৫ লাখ ডোজ সিনোফার্মের টিকা বাংলাদেশে পৌঁছায়। এর পর গত ২১ মে দ্বিতীয় দফায় বাংলাদেশকে আরো ৬ লাখ ডোজ টিকা উপহারের ঘোষণা দেয় চীন।