admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২০ ৫:৪২ অপরাহ্ণ
চাঁদপুরের জেলেদের হামলায় ১২ নৌপুলিশ হাসপাতালে। মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানের সময় জেলেদের হামলায় নৌপুলিশের ১২ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার সকালে চাঁদপুর সদরের রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষ্মীরচর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা হেডকোয়ার্টার থেকে যাওয়া নৌপুলিশের একটি দল মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালালে অতর্কিত হামলা চালায় জেলেরা। এ সময় জেলেরা ইট-পাটকেল ছুড়লে রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়েন নৌপুলিশের সদস্যরা।
এতে আহত নৌপুলিশ সদস্যদের মধ্যে ১০ জন হলেন- পুলিশ পরিদর্শক মুজাহিদুল ইসলাম (৪১), কনস্টেবল ফেরদৌস শেখ (২৬), কাউসার (৩০), আল মামুন (৩৪), আমিন (৩৪), হেলাল উদ্দিন (৫৪), নিলয় (২৮), মুনায়েম (২৬), নায়েক শাহজাহান (৪০), ইকবাল (৩৪)।
বিষয়টি নিশ্চিত করে নৌপুলিশের এএসপি ফরিদা পারভিন জানান, আজ সকালে লক্ষ্মীরচর এলাকায় জেলেরা মাছ শিকারে নামলে অভিযান চালায় নৌপুলিশ সদস্যরা। এ সময় জেলেরা তাদের ঘেরাও করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। আত্মরক্ষার্থে ৪৭ রাউন্ড শর্টগানের গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে নৌপুলিশ সদস্যরা। এ ঘটনায় আহত পুলিশ সদস্যদের চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি উল্লেখ করে তিনি আরো বলেন, ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। নৌপুলিশ জানায়, সরকারের ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় মা ইলিশ রক্ষার্থে ২২ দিনের (১৪ অক্টোবর-৪ নভেম্বর) জন্য মা ইলিশ শিকার নিষিদ্ধ রয়েছে। সে অনুযায়ী চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে নজর রাখা হচ্ছে।