admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ মে, ২০২১ ৬:৩৭ অপরাহ্ণ
চট্টগ্রামের মিতু হত্যার ঘটনায় তার স্বামী সাবেক এসপি বাবুলের ৫ দিনের রিমান্ডে। চাঞ্চল্যকর মিতু হত্যার ঘটনায় তার স্বামী সাবেক এসপি বাবুল আক্তারকে প্রধান আসামি করে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বেলা ২টায় চট্টগ্রামের পাঁচলাইশ থানায় তিনিসহ ৮ জনকে আসামি করে মামলাটি করেন মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন। আগের মামলায় গতকাল গ্রেপ্তার হওয়া বাবুলকে শ্বশুরের করা মামলায় ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান এ আদেশ দেন।
এর আগে নতুন মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে বেলা ৩টার দিকে আদালতে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমসি) সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাব উদ্দীন আহমেদ। এ মামলার অন্য ৭ জন আসামির নাম পুলিশের তদন্তে এসেছে বলে জানিয়েছেন মিতুর বাবা মোশাররফ হোসেন। তারা হলেন- এহতেশামুল হক ভোলা, কামরুল সিকদার মুসা, মো. ওয়াসিম, মো. আনোয়ার, মো. শাহজাহান, মো. হাম্মদ সাজু ও মো. কালু।
৫ বছর পরে এসে মামলা করার বিষয়ে জানতে চাইলে মিতুর বাবা বলেন, বাবুলের জড়িত থাকার বিষয়টি পরে জানতে পেরেছেন। একই ঘটনায় দুটি মামলা এড়াতে আগেরটির চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দেয়ার পর মামলা করা হয়েছে। এর আগে আজ সকালে বাবুল আক্তার বাদী হয়ে দায়ের করা মামলাটির চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছে পিবিআই। তাদের তদন্তে জড়িত থাকার তথ্য পাওয়ায় কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয় বাবুল আক্তারকে। পরে ১১ মে সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে সংস্থাটি।
২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে আততায়ীর গুলি ও ছুরির আঘাতে প্রাণ হারান মাহমুদা খানম মিতু। ঘটনার পর এর সঙ্গে ‘জঙ্গিরা জড়িত’ বলে দাবি করেন তার স্বামী বাবুল আক্তার।