admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ মে, ২০২২ ৪:১৩ অপরাহ্ণ
সনতচক্রবর্ত্তীঃ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মিলটন বাজার এলাকায় বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদি হাসান বলেন, ‘রাজিব পরিবহন নামে একটি বাস মাওয়া থেকে খুলনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকাগামী একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে তিনটি বাহনই দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। এরপর হাসপাতালে নেওয়ার পর সেখানে আরো একজন মারা যান।’
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ‘বাস, প্রাইভেটকার ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় ৯ জনকে উদ্ধার করেছি। হাইওয়ে পুলিশের পরিদর্শক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার শুরু করে।