admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২১ ৯:৫১ অপরাহ্ণ
গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা পুলিশ-হেফাজত সংঘর্ষে আহত ২৫। চান্দনা চৌরাস্তা এলাকায় পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার বাদ জুমা এই সংঘর্ষ হয়। বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের সহকারী কমিশনার থোয়াই অং প্রু মারমা বলেন, সংঘর্ষের পর সেখানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পরিস্থিতি বর্তমানে পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চৌরাস্তা কেন্দ্রীয় মসজিদ থেকে জুমার নামাজের পর একটি বিক্ষোভ মিছিল বের করেন হেফাজতের নেতাকর্মীরা। সেটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের ঈদগাহ মাঠে অবস্থান নিলে বাধা দেয় পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পাশাপাশি ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। এতে পুলিশ ও হেফাজতের ২৫ জন আহত হন, আটক হয়েছেন কয়েকজন। এ বিষয়ে হেফাজতের গাজীপুর জেলার যুগ্ম সম্পাদক মুফতি নাসির উদ্দিন খান বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাদ জুমা একটি বিক্ষোভ বের করা হয়। মহাসড়কের পাশে থাকা ঈদগাহ মাঠে শান্তিপূর্ণ বিক্ষোভে বিনা উস্কানিতে হামলা চালায় পুলিশ। এ ঘটনায় ১৫ জন হেফাজতকর্মী আহত হয়েছেন।
পুলিশের সহকারী কমিশনার থোয়াই অং প্রু মারমা বলেন, হেফাজতের লোকজন ঈদগাহ মাঠে জমায়েত হয়ে মিছিল নিয়ে মহাসড়কে ওঠেন। সড়ক থেকে সরে যেতে বললে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেলের আঘাতে আহত হয়েছেন ১০ জন পুলিশ সদস্য।