admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২০ ৭:৩৩ অপরাহ্ণ
গণমাধ্যমে পলাতক আসামিদের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা হাইকোর্টের। এখন থেকে গণমাধ্যমে আর কোনো পলাতক আসামির বক্তব্য প্রচার করা যাবে না, এমন নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আজ বুধবার (৩০ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত ২৮ ডিসেম্বর অর্থপাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) বক্তব্য প্রচার করেছিল বেসরকারি টেলিভিশন একাত্তর। সেই ঘটনার প্রেক্ষিতে দুদক এই আবেদন করেছে। যার প্রেক্ষিতে আদালত আগামী ১০ জানুয়ারির মধ্যে পিকে হালদারের প্রচার করা বক্তব্য আদালতে জমা দেয়ার নির্দেশ দিয়েছে একাত্তর টেলিভিশনকে।
দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম বলেন, এর আগেও আমরা বিভিন্ন মিডিয়ার পলাতক আসামিদের বক্তব্য প্রচার হতে দেখেছি। এতে করে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থার ঘাটতি তৈরি হয় এবং জনসাধারণের মধ্যে বিভ্রান্তিও তৈরি হয়। এই সঙ্কট নিরসনেই আদালতে আবেদন করেছিলাম। শুনানি শেষে আবেদনের পক্ষে রায় দিয়েছেন আদালত। উল্লেখ্য, পি কে হালদারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, শুধু ইন্টারন্যাশনাল লিজিং থেকেই দেড় হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। এ ছাড়া সব মিলিয়ে তার বিরুদ্ধে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। বর্তমানে দেশের বাইরে পলাতক আছেন অভিযুক্ত পি কে হালদার।