admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২১ ৫:৫৬ অপরাহ্ণ
খালেদা জিয়া করোনায় আক্রান্ত হাসপাতালে চিকিৎসা নিতে রাজি নন বাড়িতেই নিতে চান। বিএনপি নেত্রী বেগম জিয়ার সিটি স্ক্যানের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পেয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। সে আলোকে গুলশানের বাসভবন ফিরোজায় তার চিকিৎসা চলবে বলে জানানো হয়েছে।গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো হাসপাতাল) নেয়া হয় খালেদা জিয়াকে। সেখানে সিটি স্ক্যান করা হয় তার, যার পূর্ণাঙ্গ প্রতিবেদন মধ্যরাতে হাতে পান চিকিৎসকরা। এর পরই প্রতিবেদন নিয়ে ভার্চুয়াল পর্যালোচনা শেষে পুরো বিষয়ে খালেদা জিয়াকে ব্রিফ করেন তার চিকিৎসকেরা। তারা সর্বসম্মতিক্রমে নতুন বিএনপি নেত্রীকে একটি ওষুধ সেবনের পরামর্শ দেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় বাসায় রেখে চিকিৎসা চলানোর বিষয়টি নিশ্চিত করেছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, প্রতিবেদন পর্যালোচনায় অংশ নেন নেত্রীর চিকিৎসক দলের সদস্যরা, পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও লন্ডন-নিউ ইয়র্কের চিকিৎসকরা। ভার্চুয়াল পর্যালোচনার বিষয়ে বলা হয়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি হাসপাতালে যেতে রাজি না হওয়ায় বাসায় রেখে চিকিৎসা চলবে।
গতকাল খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের নেতৃত্বে থাকা ডা. এফ এম সিদ্দিকী বলেন, করোনা আক্রান্তের এক সপ্তাহ পার করছেন ম্যাডাম। সে অনুযায়ী, দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করছেন তিনি। কোভিডের যত জটিলতা, তা দ্বিতীয় সপ্তাহেই দেখা যায়। সে জন্য তার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে চাই আমরা। এর আগে গত ১১ এপ্রিল করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। তার বাসার গৃহকর্মী ফাতেমাসহ ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে ফিরোজাতেই।