admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২১ ৯:১৪ অপরাহ্ণ
খালেদা জিয়ার চিকিৎসা আইন নয়, বাধা সরকার! বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই, বরং বর্তমান সরকার বাধা বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশ নিয়ে সুচিকিৎসার দাবিতে চট্টগ্রামের বাকলিয়া কালামিয়া বাজারের কে বি কনভেনশন হল সংলগ্ন মাঠে আয়োজিত সমাবেশে আজ মঙ্গলবার, ৩০ নভেম্বর, এমন মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এই মন্ত্রী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই আমরা। এই সরকার যেকোনো সময় আমাদের নেত্রীকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে পারে। বিদেশে গিয়ে তার চিকিৎসার জন্য আইনে কোনো বাধা নেই, প্রকৃত বাধা এই সরকার।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, খালেদার জিয়ার জনপ্রিয়তায় ভীত হয়ে বর্তমান সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে একটি বানোয়াট মামলায় দেশনেত্রীকে কারাগারে রেখেছে। অস্থায়ীভাবে খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে। কিন্তু সেখানেও শর্ত দিয়ে রেখেছে সরকার। তারা শর্ত দিয়েছে, সাজা স্থগিত করা হলেও বিদেশে গিয়ে চিকিৎসা নিতে পারবেন না খালেদা জিয়া। যা মানবাধিকার বিরোধী শর্ত। এটি সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার খর্ব করার শর্ত।
বিএনপি নেতা মোশাররফ আরো বলেন, খালেদা জিয়াকে একটি বানোয়াট মামলায় সাজা দেওয়া হয়েছে, যা শুধু প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিহিংসার কারণে করা হয়েছে। আওয়ামী লীগের অনেক নেতা বলছেন, আইন অনুযায়ী খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ নেই। কেউ কেউ আবার বলছেন, রাষ্ট্রপতির কাছে আবেদন করতে হবে। কিন্তু রাষ্ট্রপতির কাছে কারা আবেদন করে, সেটা ভালো করেই জানে বিএনপি। এ বিষয়ে আওয়ামী লীগের কোনো নেতাকে সবক দিতে হবে না।
তিনি বলেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা সেই চায় যে সত্যিকার অর্থেই দোষী। কিন্তু বেগম খালেদা জিয়া তো কোনো দোষ করেননি। গায়ের জোরে সরকারের নির্দেশে একটি বানোয়াট মামলায় তাকে দোষী বানিয়ে সাজা দেওয়া হয়েছে। তিনি দোষী না হয়ে কেন দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা চাইবেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া অপরাধ না করে অপরাধ স্বীকার করার মতো মানুষ নন।