admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২১ ৮:১৬ পূর্বাহ্ণ
খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে প্রধানমন্ত্রীর কাছে ইউরোপীয় ইউনিয়নের স্টেফানেকের চিঠি। ইইউ, পার্লামেন্ট সদস্য ইভান স্টেফানেক বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে তার অবনতিশীল শারীরিক অবস্থার কথা বিবেচনা করে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা এক চিঠিতে এই অনুরোধ জানান তিনি। জানা যায়, চিঠিতে ইভান স্টেফানেক লেখেন— আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বের হয়েছে যে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।
তার পরিবারের পক্ষ থেকে শর্তাধীন মুক্তির মেয়াদ বৃদ্ধি এবং জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়েছে। এ বিষয়ে একটা মানবিক দৃষ্টিভঙ্গি পোষণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়ে ইউরোপীয় পার্লামেন্টের এই সদস্য লেখেন, আপনি ও আপনার সরকারের কাছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির বিষয়টির ওপর আলোকপাত করে আবেদন করব যেন, জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে তার পরিবারের আবেদনে অনুমোদন দেওয়া হয়।
চিঠিতে স্টেফানেক বাংলাদেশে ৯ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার বিষয়টিও উল্লেখ করেন। বিশ্বব্যাপী শরণার্থী সংকট মোকাবেলায় এই উদ্যোগকে বড় অবদান হিসেবে আখ্যা দেন তিনি। ইইউ পার্লামেন্ট সদস্য ইভান স্টেফানেক।