admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২১ ৮:৫৯ অপরাহ্ণ
খালেদা জিয়াকে ফের হাসপাতালে নেয়া হচ্ছে। করোনায় আক্রান্ত বিএনপি নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আবারো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে। আজ মঙ্গলবার রাত ৮টার মধ্যে তাকে নেয়ার কথা জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে খালেদা জিয়ার একান্ত সচিব আবদুস সাত্তার বলেন, খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হবে স্বাস্থ্য পরীক্ষার জন্য। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হচ্ছে।
এর আগে চলতি মাসে গত ১৫ তারিখ একই হাসপাতালে (সাবেক অ্যাপোলো হাসপাতাল) নিয়ে সিটি স্ক্যান করানো হয় বেগম খালেদা জিয়ার। তাতে তার ফুসফুসে ন্যূনতম সংক্রমণ পাওয়ার কথা জানিয়েছিলেন ব্যক্তিগত চিকিৎসকেরা। এদিকে, দ্বিতীয়বারের করোনা পরীক্ষার ফলাফলেও খালেদা জিয়ার ‘পজিটিভ’ এসেছে বলে জানানো হয়েছে। তবে ফুসফুসের কোনো জটিলতা দেখা দেয়নি এবং শারীরিক অবস্থা ভালো আছে বলে জানান তার চিকিৎসকরা।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় বাসায় রেখে চিকিৎসা চলানোর কথা জানিয়েছেন ডা. এফ এম সিদ্দিকীর নেতৃত্বে থাকা ব্যক্তিগত চিকিৎসক বোর্ড। বিভিন্ন পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা এবং তার শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজ রাখছেন পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও লন্ডন-নিউইয়র্কের চিকিৎসকরা। প্রসঙ্গত, গত ১১ এপ্রিল করোনা পরীক্ষায় পজিটিভ আসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। তার বাসার গৃহকর্মী ফাতেমাসহ ৯ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। তাদের সবার চিকিৎসা চলছে বাসাতেই।