admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২১ ৮:৫৭ অপরাহ্ণ
খালেদা জিয়াকে ফের হাসপাতালে নেওয়া হচ্ছে। কয়েকদিন আগেই হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তবে আবারো তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। আজ শনিবার, ১৩ নভেম্বর, বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে তাকে। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
অপরদিকে, বিএনপি চেয়ারপারসনের হাসপাতালে যাওয়া-আসার সময় নিরাপত্তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি, কমিশনারকে চিঠি দিয়েছেন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। এর আগে গত ১২ অক্টোবর টানা জ্বরের কারণে খালেদা জিয়াকে একই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। গত ২৫ অক্টোবর তার ছোট একটি অস্ত্রোপচার করা হয়। এরপর তার বায়োপসি পরীক্ষা করে তা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পাঠানো হয় এ বিষয়ে স্বচ্ছ ধারণা পাওয়ার জন্য।
এরপর টানা প্রায় এক মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সাবেক এই প্রধানমন্ত্রীকে গত ৭ নভেম্বর বিকেলে হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে নেওয়া হয়। ওই সময় দলের পক্ষ থেকে জানানো হয়, বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। খানিকটা সুস্থতা বোধ করায় তাকে বাসায় নেওয়া হয়েছে।
এর আগে গত এপ্রিল মাসে কোভিড-১৯ আক্রান্ত হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রথমে বাসায় চিকিৎসা নিলেও শারীরিক জটিলতা দেখা দেওয়ায় গত ২৭ এপ্রিল তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ৫২ দিন চিকিৎসা শেষে গত ১৯ জুন বাসায় ফেরেন তিনি।