admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২১ ১:০৬ অপরাহ্ণ
নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা তাম্মির জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। জামিন মঞ্জুর হওয়া আরেক আসামি হলেন তামিমার মা সুমি আক্তার। আগের স্বামীকে ডিভোর্স না দিয়ে বিয়ে করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল। আজ রোববার (৩১ অক্টোবর) আসামিরা ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে আত্মসমর্পণ করেন। মামলা করার পর তামিমার ‘সাবেক স্বামী’ রাকিব হাসান আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন।
সেই প্রেক্ষিতে আদালত থেকে গত ৩০ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে সমন জারি করা হয়। সমনে বলা হয়েছিল, ৩১ অক্টোবর তাদেরকে আদালতে হাজির হতে হবে। সে অনুযায়ী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়া নাসির হোসেন চলতি বছরের শুরুর দিকে বিয়ে করেন সৌদিয়া এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা তাম্মিকে। অভিযোগ ওঠে, প্রায় ১০ বছর ধরে সংসার করা আগের স্বামীকে ডিভোর্স না দিয়েই নাসিরকে বিয়ে করেন তামিমা।
এক পর্যায়ে গণমাধ্যমের সামনে এসে ডিভোর্স পেপার দেখিয়ে সব প্রশ্ন আর সমালোচনার জবাব দিয়েছেন এই দম্পতি। কিন্তু দমে যাননি তামিমার ‘সাবেক স্বামী রাকিব। নিজের ‘সাবেক স্ত্রী এবং নাসিরের বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলা করেছিলেন। মামলার অভিযোগে বলা হয়, তামিমা বাদীর সাথে স্বামী-স্ত্রীর সম্পর্ক চলমান থাকা অবস্থায় নাসিরকে বিয়ে করেছেন। যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইনে সম্পূর্ণ অবৈধ।
একইসঙ্গে এটা নিকৃষ্ট ব্যভিচারের সামিল। এ নিয়ে তদন্তের দায়িত্ব দেয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। দীর্ঘ তদন্তের পর জমা দেওয়া রিপোর্টে উঠে এসেছে, নাসির-তামিমার বিয়ে অবৈধ। তামিমা ও নাসির গণমাধ্যমের সামনে এসে বিবাহবিচ্ছেদ সংক্রান্ত যে নথি দেশবাসীকে দেখিয়েছেন সেটা ছিল ভুয়া। জালিয়াতির মাধ্যমে ওই নথি তৈরি করা হয়েছে।