admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২১ ১০:৫৬ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় একসঙ্গে ৫ সন্তানের জন্ম! স্বাভাবিকভাবেই একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিয়েছেন ২৪ বছর বয়সী সাদিয়া খাতুন নামের এক নারী। মঙ্গলবার জেলার জেনারেল হাসপাতালে এসব সন্তান জন্ম দেন তিনি। ৫ সন্তানের মধ্যে ৪টি মেয়ে ও একটি ছেলে। মা শারীরিকভাবে সুস্থ থাকলেও সন্তানদের ঝুঁকির কথা জানিয়েছেন চিকিৎসকরা। জানা গেছে, সাদিয়ার বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর পান্টি ইউনিয়নের কলেজপাড়ায়। তার স্বামীর নাম সোহেল রানা।
২০১৬ সালের ৩০ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। গতকাল রাতে সাদিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা জানান, হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেই আজ সকালে একে একে পাঁচ সন্তানের জন্ম দেন সাদিয়া। স্বাভাবিকভাবে ডেলিভারি হওয়ায় মা সুস্থ আছেন, ঝুঁকিতে রয়েছে শিশুরা। বাচ্চাদের ওজন ৫০০-৬০০ গ্রামের মধ্যে।
একসঙ্গে ৫ সন্তানের মুখ দেখে অনুভূতি প্রকাশের ভাষা হারিয়ে ফেলেন সোহেল রানা। তিনি বলেন, এখন তার একটাই চাওয়া সন্তানরা যেন দ্রুত সুস্থ হয়ে যায়। ওজন কম হওয়ায় সন্তানদের অক্সিজেন দেয়া হচ্ছে। তবে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।