admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২১ ১:৩২ অপরাহ্ণ
কুতুবদিয়া দক্ষিণ ধুরং ঘাট এলাকায় ট্রলারে বিস্ফোরণ, ১২ জেলে দগ্ধ। বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পথে ট্রলারে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ১২ জেলে দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটেছে কুতুবদিয়া দক্ষিণ ধুরং ঘাটের কাছাকাছি এলাকায়। দগ্ধ হওয়া ১২ জনের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। তুলনামূলক কম দগ্ধ হওয়া একজন মাঝি জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার পর ট্রলারে তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
কিছু বুঝে ওঠার আগেই মাঝিদের শরীরেও আগুন লেগে যায়। সবাই সাগরে লাফ দিয়ে বাঁচার চেষ্টা করেন। তীরের কাছাকাছি হওয়ায় স্থানীয়রা মাঝিদের উদ্ধার করতে সক্ষম হয়েছেন। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর হায়দার জানান, স্থানীয়রা উদ্ধার করার পর দগ্ধ জেলেদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তুলনামূলক কম দগ্ধ হওয়া ৩ জন কুতুবদিয়া হাসপাতালে চিকিৎসাধীন। বাকি ৯ জনের অবস্থা গুরুতর। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।