ইব্রাহিম আলম সবুজ,কুড়িগ্রাম প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নির্বাচন-সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে উপজেলা জামায়াতের এক নেতাসহ দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার ১৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেতনা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহতরা হলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট আহাম্মদ আলী এবং তাঁর চাচা শ্বশুর মোখলেসুর রহমান।
গত বৃহস্পতিবার রাতে নির্বাচনের পর আহাম্মদ আলী তাঁর শ্বশুর আলতাব হোসেনের বাড়িতে যান। শুক্রবার সকালে জমিতে পানি নেওয়াকে কেন্দ্র করে মোখলেসুর রহমানের সঙ্গে একই এলাকার আব্দুল জলিলের ছেলে আ. মান্নান ওরফে রোকনের (৩৫) ভোট দেওয়া নিয়ে তর্ক বাধে। একপর্যায়ে রোকন ও তার সহযোগীরা মোখলেসুর রহমানকে মারধর করে পানিতে চুবিয়ে রাখে বলে অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে আহাম্মদ আলী ঘটনাস্থলে গিয়ে মোখলেসুর রহমানকে উদ্ধার করেন। এ সময় রোকন বাড়ি থেকে ধান কাটার কাস্তে এনে পেছন দিক থেকে আহাম্মদ আলীর ওপর এলোপাতাড়ি কোপ দেন। এতে তাঁর বাম ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।