admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১১:২২ অপরাহ্ণ
কারাবন্দী লেখক মুশতাকের মৃত্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপ-সচিব মনিরুজ্জামানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব তরুণ কান্তি শিকদারকে, আর একই বিভাগের উপসচিব আরিফ আহমদকে করা হয়েছে সদস্য সচিব।
কমিটির অন্য সদস্যরা হলেন- গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম, ময়মনসিংহের কারা উপ-মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির ও গাজীপুর জেলা কারাগারের সহকারী সার্জন ডা. কামরুন নাহার। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার মুশতাকের মৃত্যুর ক্ষেত্রে কারা কর্তৃপক্ষের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখবে কমিটি। এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে ৪ কর্মদিবসের মধ্যে।
কমিটির কার্যপরিধিতে মুশতাকের স্বাস্থ্যগত সমস্যার বিষয়ে কারা কর্তৃপক্ষের অবহিত থাকা না থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে কি না আর না হয়ে থাকলে দায়ীদের চিহ্নিত করতে বলা হয়।
প্রসঙ্গত, গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে থাকা লেখক মুশতাক আহমেদ গত বৃহস্পতিবার রাতে মারা যান। তিনিসহ আরো তিন জনকে গত বছরের মে মাসে গ্রেপ্তার করে র্যাব।