admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২১ ১২:০৪ পূর্বাহ্ণ
করোনার কারণে বিএসএমএমইউ স্বাস্থ্য খাতে জরুরি অবস্থা চলছে।। করোনাকালে স্বাস্থ্য খাতে জরুরি অবস্থা চলছে বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। এ জন্য সব ধরনের সামাজিক অনুষ্ঠান, সভা-সমাবেশ ও পর্যটন বন্ধ করার কথা বলা হয়েছে। দেশে করোনার সংক্রমণ বাড়ায় আজ বৃহস্পতিবার বিএসএমএমইউর পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ‘করোনা পরিস্থিতি: বর্তমান প্রেক্ষিত ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
এতে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ বলেন, পার্বত্য তিন জেলা ও কক্সবাজারসহ সারা দেশের পর্যটন বন্ধ রাখতে হবে। বন্ধ করতে হবে জাতীয় প্রেস ক্লাবের সামনের সমাবেশ, মিছিল ও মানববন্ধন। সরকারের জারি করা ১৮ দফা নির্দেশনা নিয়ে তিনি বলেন, জনস্বাস্থ্য সংক্রান্ত উদ্যোগ নেয়ার আগে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা প্রয়োজন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ও গবেষকদের সঙ্গে।
এক পশ্নের জবাবে পরে উপাচার্য বলেন, সংক্রমণ দ্রুত ছড়ানোয় পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে, তা অনুমান করা কঠিন। তবে জরুরি পরিস্থিতির মতো মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে মানুষকে বাধ্য করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বিএসএমএমইউর একাধিক সহ-উপাচার্য, বিভাগের প্রধানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, জারি করা ১৮ দফা নির্দেশনা অপর্যাপ্ত, অস্পষ্ট ও সংক্রমণ রোধে যথেষ্ট নয়।