admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২১ ৮:০৭ অপরাহ্ণ
করোনাভাইরাস পরিস্থিতির অসাভাবিক এর কারণে সব মাদরাসা বন্ধের নির্দেশ। দেশে প্রতিদিনই অবনতি হচ্ছে করোনাভাইরাস পরিস্থিতির। এ অবস্থায় এতিমখানা ছাড়া দেশের সব ধরনের মাদরাসা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও কিছু কওমি মাদরাসা তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছিল। সরকারও এ নিয়ে তেমন কিছু বলেনি। বিষয়টি উল্লেখ করে আজকের নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে মাদরাসাগুলো খোলা রাখা হবে চরম ঝুঁকিপূর্ণ। তাই সকল প্রকার মাদরাসা বন্ধের নির্দেশ দেয়া হচ্ছে।
নির্দেশনায় আরো বলা হয়, একান্ত মানবিক বিবেচনায় শুধু এতিমখানা খোলা রাখা যাবে। ওদিকে কওমি মাদরাসাগুলো বন্ধ করা হলেও ভর্তি কার্যক্রম কিংবা অন্যান্য কারণে মাদরাসার অফিস খোলা রাখা যাবে বলে জানানো হয়। শিক্ষকরা মাদরাসায় আসা-যাওয়া করতে পারবেন।
এদিকে দেশে মরণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (৫ এপ্রিল) আরো ৭ হাজার ২১৩ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৫১ হাজার ৬৫২ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ৬৬ জনের মৃত্যু হয়। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ হাজার ৩৮৪। একদিনে শনাক্ত ও মৃত্যুর এই সংখ্যা এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ।