admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ মে, ২০২১ ৭:৫৪ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যু কমেছে শনাক্ত। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। যা গতকালের তুলনায় কিছুটা বেশি। এর আগের ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৫৪৯। একই সময়ে আরো ১ হাজার ৪৩ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। যা আগের দিনের তুলনায় অনেকটা কম। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৯৭ হাজার ৩৮৬। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। দেশে করোনা শনাক্তের পর থেকে প্রতিদিনই পূর্ববর্তী ২৪ ঘণ্টার আপডেট জানিয়েছে আসছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৬১১টি। আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৮৪টি। এর মধ্যে আরো ১ হাজার ৪৩ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। যা গতকালের তুলনায় অনেকটা কম। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ১ হাজার ৩৫৮ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ লাখ ৯৭ হাজার ৩৮৬ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯ লাখ ১৫ হাজার ৫৮টি।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। যা আগের দিনের চেয়ে কিছুটা বেশি। আগের ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছিল। দেশে এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ মৃত্যু ১১২ জন, যা ছিল গত ১৯ এপ্রিল। এ নিয়ে দেশে মোট ১২ হাজার ৫৪৯ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৮ জন পুরুষ এবং ১০ জন নারী। এদের মধ্যে একজন বাড়িতে এবং বাকিরা হাসপাতালে মারা গেছেন।
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ১ হাজার ১৮৭ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৭ হাজার ৪০৮ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭ দশমিক ৯১ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগের ৮ জন। এ ছাড়া চট্টগ্রামে ৪, রাজশাহীতে ৭, খুলনায় ৭, বরিশালে ১, সিলেটে ৫, রংপুরে ৪ এবং ময়মনসিংহে ২ জন রয়েছেন।