admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২১ ১১:৪৭ অপরাহ্ণ
কক্সবাজার সমুদ্র সৈকত মধ্যরাত থেকেই বন্ধ করে দেওয়া হচ্ছে। কক্সবাজার সমুদ্র সৈকতসহ জেলার সব বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং আগামী ১৪ এপ্রিল পর্যন্ত তা বহাল থাকবে। কক্সবাজার জেলা প্রশাসন এ তথ্য জানিয়েছে। এর আগে আজ বৃহস্পতিবার রাতে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক করে জেলা প্রশাসন। বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পরে জানানো হয়।
তবে সমুদ্র সৈকতসহ জেলার সব বিনোদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা হবে হোটেল-মোটেল ও রেস্তোরাঁ। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিন আল পারভেজ। তিনি বলেন, এই সিদ্ধান্ত আজ মধ্যরাত থেকেই কার্যকর হবে। সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে অভিযান চালাবে একাধিক ভ্রাম্যমাণ আদালত।
কক্সবাজার জেলা প্রশাসন জানিয়েছে, আজ থেকেই কক্সবাজার-সেন্টমার্টিন এবং টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যেকোনো ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত। এ বিষয়ে কক্সবাজার টুরিস্ট পুলিশের এসপি মো. জিললুর রহমান বলেন, পুলিশ সদস্যরা তৎপর রয়েছে। মধ্যরাত থেকে কাউকে সৈকতে নামতে দেওয়া হবে না। উল্লেখ্য, এর আগে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত, বিভিন্ন পর্যটন কেন্দ্র, বিনোদন কেন্দ্র ও সিনেমা হল।