admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২১ ৯:৫৩ পূর্বাহ্ণ
ওসি প্রদীপ ও শারমিনের নির্দেশে খুন হন মেজর সিনহা। বহুল আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার বাদী তার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। এ মামলায় আজ সোমবার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্য দিয়েছেন তিনি। এ সময় টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের নির্দেশে পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে সিনহা খুন হন বলে উল্লেখ করেন শারমিন।
ওই হত্যাকাণ্ডকে পূর্বপরিকল্পিত দাবি করে আদালতের কাছে অভিযুক্ত ১৫ আসামির সর্বোচ্চ শাস্তির দাবি করেন সিনহার বোন। এ সময় আদালতের কাঠগড়ায় প্রদীপ-লিয়াকতসহ বাকি আসামিরা উপস্থিত ছিলেন। জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে মামলাটির শুনানি চলছে।
আদালতে এদিন ১২ আসামির পক্ষে ৯ জন আইনজীবী মামলার বাদীকে জেরা করেন। বাকি তিন আসামিকে আগামীকাল জেরা করা হবে। প্রদীপের আইনজীবী রানা দাশ গুপ্ত বিষয়টি নিশ্চিত করেন। গত ২৭ জুন সিনহা হত্যা মামলার ১৫ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বিচারক মোহাম্মদ ইসমাইলের আদালত। টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে গত বছরের ৩১ জুলাই রাতে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে বিতণ্ডার এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন সিনহা।
পরে গত ৫ আগস্ট এ ঘটনায় নিহতের বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ (পরিদর্শক) লিয়াকত আলী প্রধান আসামি করা হয়। এছাড়া টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ পুলিশ সদস্যকে আসামি করা হয়। মামলাটি তদন্ত করার জন্য র্যাবকে আদেশ দেন আদালত। প্রধান আসামি লিয়াকত আলী ও প্রদীপ কুমার দাশসহ ৭ পুলিশ সদস্য গত ৬ আগস্ট আদালতে আত্মসমর্পণ করেন।
মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম গত বছরের ১৩ ডিসেম্বর প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার অন্যতম অভিযুক্ত প্রদীপ কুমারের অন্যতম সহযোগী কনস্টেবল সাগর দেব ঘটনার শুরু থেকেই পলাতক ছিলেন। অবশেষে গত ২৪ জুন আত্মসমর্পণ করেন তিনি।