admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ অক্টোবর, ২০১৯ ১০:৩৬ অপরাহ্ণ
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।রবিবার গণভবনে যুবলীগের নেতাদের সঙ্গে সংগঠনটির সাংগঠনিক নেত্রী, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।পরে সাংবাদিকদের ব্রিফিংকালে এ সিদ্ধান্ত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য চয়ন ইসলামকে আহ্বায়ক এবং বর্তমান সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়েছে। যুবলীগের কার্যনির্বাহী কমিটির সবাইকে এই কমিটির সদস্য করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর যুবলীগের সপ্তম কংগ্রেস হবে। তার আগ পর্যন্ত সম্মেলন প্রস্তুতি কমিটিই সংগঠনের সব কর্মকাণ্ড পরিচালনা করবে বলে ওবায়দুল কাদের জানিয়েছেন। ৭১ বছর বয়সী ওমর ফারুক যুবলীগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগে কয়েক সপ্তাহ ধরে তিনি গণমাধ্যমের শিরোনামে ছিলেন।