admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২০ ৯:৫৪ পূর্বাহ্ণ
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) অবকাঠামোগত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ৫ কোটি ডলারের ঋণ চুক্তি করেছে বাংলাদেশ। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। জানা যায়, ঋণ চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন। অন্যদিকে, এডিবির পক্ষে চুক্তিতে সই করেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। এ ছাড়া প্রকল্প চুক্তিতে সই করেন বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আনিসুজ্জামান।
চুক্তির ব্যাপারে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, এই প্রকল্প বেসরকারি বিনিয়োগকে সংহত করবে এবং অবকাঠামোগত উন্নয়ন ও কর্মসংস্থান তৈরি করবে। এর ফলে বিআইএফএফএলের সক্ষমতা বাড়বে। আর এর মাধ্যমে করোনার সংকট পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার প্রক্রিয়া ত্বরান্বিত হবে। তিনি আরো জানান, এই প্রকল্পগুলোর মাধ্যমে ২০২৪ সালের মধ্যে প্রায় ৩ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে।
এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স ফান্ড লিমিটেডকে শক্তিশালী করার একটি প্রকল্পও বাস্তবায়িত হবে এডিবির এই ঋণ ব্যবহার করার মাধ্যমে। আর এর ফলে দীর্ঘমেয়াদে বিভিন্ন উপ-প্রকল্পের জন্য স্থানীয় মুদ্রার যোগান দেওয়া সম্ভব হবে।