admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ জুন, ২০২৩ ৯:০১ পূর্বাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টার: গতবারের মতো এবারের ঈদযাত্রাও নির্বিঘ্ন হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। শনিবার (২৪ জুন) দুপুরে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহায় চ্যালেঞ্জ একটু বেশি। এবার যাত্রীদের পাশাপাশি পশুবাহী ট্রাক যাতায়াত করবে। এ ছাড়াও যেহেতু এখন মৌসুমী ফলের সময়, তাই সেই গাড়িগুলোও আসবে। সবকিছু বিবেচনায় রেখেই বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করছি, এবারও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সক্ষম হব। খবর আরটিভি অনলাইন তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা যেন স্বাচ্ছন্দ্যের হয় সেজন্য আমরা সবাই মিলে কাজ করছি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নিয়োজিত থাকবেন।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি শাহবুদ্দিন খান, ঢাকা রেঞ্জের ডিআইজি (অপারেশন) হায়দার আলী খান, পুলিশ হেড কোয়াটার্সের এআইজি (মিডিয়া) মনজুর হোসেনসহ আরও অনেকে।