admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ জুলাই, ২০২১ ৭:২৩ অপরাহ্ণ
এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ, একদিনে শনাক্ত ২৯। করোনা মহামারির মধ্যে দেশে বেড়েছে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ। এতে গত ২৪ ঘণ্টায় নতুন আরো ২৯ জন শনাক্ত হয়েছেন, যার মধ্যে ২৮ জনই রাজধানীতে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে। অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার জানায়, বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
এর মধ্যে রাজধানীর ৪১টি হাসপাতালে ১২৮ জন, বাকি ৩ জন ঢাকার বাইরের হাসপাতালে। এ নিয়ে গত ১ জানুয়ারি থেকে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৬৫ জনে। যাদের মধ্যে ৪৩৪ জনই চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। চলতি বছরে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি, জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
তবে ডেঙ্গুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সাঈদা নাসরীন বাবলীর মৃত্যু হওয়ার দাবি করেছে তার পরিবার। আজ বুধবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি, যিনি গত ২৪ জুন ডেঙ্গুতে আক্রান্ত হন। সাঈদা নাসরীন বাবলীর স্বামী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার জানান, তার স্ত্রীকে ২৫ জুন হাসপাতালে ভর্তি করা হলে সরাসরি আইসিইউতে নেয়া হয়। সেই থেকে প্রায় ১৬ দিন ধরে আইসিইউতে ছিলেন। গত দুই দিন ধরে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়।