admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২০ ৬:০৮ অপরাহ্ণ
সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যার পর কক্সবাজার থেকে এবার ১০০৭ কনস্টেবলকে একযোগে বদলি। পুলিশের ঊর্ব্ধতন কর্মকর্তাদের পর এবার কক্সবাজার থেকে একযোগে ১ হাজার ৭ জন কনস্টেবলকে বদলি করা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার জেলার ৩৪ পুলিশ পরিদর্শককে একযোগে বদলি করা হয়।
জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সহকারী পুলিশ সুপার শহীদুল ইসলাম আজ শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে গতকাল বৃহস্পতিবার জেলা পুলিশের ১ হাজার ৭ জন কনস্টেবলকে বদলি করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান।
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ হত্যার ঘটনার পর পুলিশের কর্মকাণ্ড নিয়ে দেশব্যাপী সমালোচনার ঝড় উঠে। এরই পরিপ্রেক্ষিতে কক্সবাজার জেলা পুলিশকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয় পুলিশ সদর দপ্তর। এরই অংশ হিসেবে সেখানকার পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল আনা হচ্ছে।
এর আগে কক্সবাজার জেলা পুলিশে তিন দফায় পুলিশ সুপার (এসপি), অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং পরিদর্শকসহ বাহিনীটির মোট ২৭২ জন কর্মকর্তাকে বদলি করা হয়।