admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২১ ৬:৪৪ অপরাহ্ণ
ইসরায়েল সিরীয় বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সিরিয়ার বিখ্যাত লাতাকিয়া বন্দরে যুদ্ধবিমান থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে কিছু কন্টেইনার ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানি হয়নি বলে জানিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। গতকাল সোমবার রাত দেড়টায় এ হামলা চালানো হয়। আল জাজিরা জানায়, ইসরায়েলি বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র বন্দরে আঘাত হেনেছে বলে সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা সানা। হামলার ফলে কন্টেইনারে ব্যাপকভাবে আগুন ধরে যায়।
তবে তেল আবিবেব আগ্রাসন ভণ্ডুল করে দিয়েছে দামেস্কের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার পণ্য আমদানি-রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর লাতাকিয়ায় এই হামলা বিরল। ৫টি শক্তিশালী বিস্ফোরণে কন্টেইনার এলাকায় ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে। তবে অগ্নিনির্বাপণকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে, উল্লেখ করা হয় সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে। এ বিষয়ে অতীতের মতোই ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তবে সাম্প্রতিক বছরগুলোতে বাশার আল আসাদ সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন স্থাপনায় একের পর এক হামলার জন্য দেশটিকে দায়ী করা হয়। এর আগে হামলাগুলোর বেশিরভাগই চালানো হয় দামেস্ক বিমানবন্দরকে লক্ষ্য করে। যেসব হামলার দায় স্বীকার করেছে ইসরায়েল, সেগুলো সিরিয়ায় থাকা লেবাননেন হিজবুল্লাহ বা ইরানের সেনাদের লক্ষ্য করে চালানোর দাবি করা হয়। এতে ইরানি জেনারেলসহ বেশ কয়েকজন হিজবুল্লাহ যোদ্ধার প্রাণহানিরও খবর পাওয়া যায়। এসব সেনারা আসাদ সরকারের হয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে সিরিয়ায়। তবে বেশ কিছু হামলা ব্যর্থ করার দাবিও করেছে দামেস্ক।