admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৩৪ অপরাহ্ণ
ইভিএমে নৌকার বাইরে ভোট দিলে ধরে ফেলা যায়, আ. লীগ নেতা। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নৌকার বাইরে ভোট দিলে ভোটারকে শনাক্ত করা যায় বলে মন্তব্য করেছেন নুর উদ্দিন চৌধুরী নয়ন। যিনি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।গত বুধবার বিকেলে জেলার রামগতি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর একটি কর্মীসভা হয়। ৩ নং ওয়ার্ডের চর সেকান্দর সফি একাডেমি মাঠের সেই সভায় ২৩ মিনিটের মতো বক্তব্য রাখেন নুর উদ্দিন নয়ন।
এ সময় তিনি বলেন, চট্টগ্রামের (সিটি নির্বাচন) এক ভোটকেন্দ্রে ইভিএমে নৌকা মার্কায় ভোট পড়েছে ২ হাজার ৩০০টি। একটি ভোট পড়ে ধানের শীষে। ভোটের পরদিন ওই ভোট দেয়া ব্যক্তিকে ধরে ফেলেন ওয়ার্ড নেতারা। কোন ভোটটি নৌকার বাহিরে গেছে, তা ধরে ফেলা যায়।

ইভিএমে একুলে কে কোথায় টিপ দেয়, ওকুলে তা বুঝা যায় উল্লেখ করে নুর উদ্দিন চোধুরী বলেন, উল্টাপাল্টা টিপ দিয়ে কেউ রাজাকার-খন্দকার মোশতাক হবেন না। উল্টাপাল্টা টিপলে ভোটের পরদিন যন্ত্রটি পরীক্ষা করলে সব কিছু সিসি ক্যামেরার মতো বেরিয়ে আসবে।স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তিনি আরো বলেন, মেয়র পদে উন্নয়নের জন্য ভোট হবে, এটা দলের (আওয়ামী লীগ) সিদ্ধান্ত। তবে কাউন্সিলর পদে তারের মতো সোজা নিরপেক্ষ ভোট হবে।
সভায় রামগতি পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম মেজবাহ উদ্দিন, স্থানীয় সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী ১৪ ফেব্রুয়ারি এ পৌরসভায় ভোটগ্রহণ করা হবে।
এ বিষয়ে পরে জানতে চাইলে নুর উদ্দিন চৌধুরী বলেন, বুধবার সারাদিনে পৌরসভার ৯টি ওয়ার্ডে পথসভায় বক্তব্য দিয়েছি। কোথাও এমন কথা দিয়েছি কিনা, সেটি আমার মনে নেই। তবে রাজনৈতিক মাঠ গরম করতে অনেক সময় মুখে ভুলবশত অনেক কিছু চলে আসে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে একই ধরনের বক্তব্য দিয়েছেন কুষ্টিয়া ও রাজশাহীর একাধিক আওমায়ী লীগ নেতা। এ নিয়ে নানা সমলোচনাও হয়েছে।