admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২০ ২:৪১ অপরাহ্ণ
ইতালিতে করোনার থাবায় একদিনেই মৃত্যু ৩৪৯ জনের করোনাভাইরাসে থামছে না মৃত্যুর মিছিল। চীনে মৃত্যু কিছুটা কমে এলেও বিশ্বজুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দ্রুত ছড়িয়ে পড়ছে পৃথিবীর নানা দেশে। বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া তুলনামূলক আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এসব দেশ ও অঞ্চলে প্রতিদিনই শতাধিক মানুষ মরছেন। ইতালি সরকার ইতোমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
সোমবার ইতালিতে একদিনেই রেকর্ড সংখ্যক ৩৪৯ জন মারা গেছেন। এ নিয়ে গত দুই মাসে করোনায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ১ শ’ ৫৮ জনে দাঁড়ালো। চীনের বাইরে করোনাভাইরাসে সারাবিশ্বে সবচে বেশি মৃত্যুর ঘটনা ইতালিতে। গত দুই দিনেই দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৭ শ’র বেশি মানুষের। ইতালি সরকার জানিয়েছে, করোনায় আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৯ শত ৮০ জন। চার দিন আগেও দেশটিতে আক্রান্ত ছিল ১৫ হাজার ১ শত ১৩ জন।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর থেকে বিশ্বের দেশে দেশে ছড়িয়ে পড়তে থাকে মরণঘাতী এ ভাইরাস। এখন পর্যন্ত বিশ্বের ১৪৫টি দেশে ছড়িয়ে পড়েছে মহামারীতে রূপ নেওয়া এ ভয়ঙ্কর ভাইরাস। এতে সারাবিশ্বে আক্রান্ত হয়েছেন দেড় লক্ষাধিক মানুষ। মৃত্যুবরণ করেছেন ছয় হাজারেরও বেশি।