admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২১ ৯:৪৭ পূর্বাহ্ণ
ইকুয়েডরের কারাগারে সহিংসতায় নিহত ৬৮ বন্দী। বৃহত্তম শহর গুয়াকুইলের পেনিটেনসিয়া দেল লিটোরাল কারাগারে সহিংসতায় কমপক্ষে ৬৮ জন বন্দী নিহত এবং অনেকে আহত হয়েছেন। দেশটির সরকার গতকাল শনিবার এই তথ্য জানিয়েছে। ধারণা করা হচ্ছে, কারাগারে থাকা মাদক পাচারকারী চক্রের মধ্যে বিরোধই সহিংসতার জন্য দায়ী। তারা কারাগারেও আধিপত্য বজায় রেখে মাদক ব্যবসার প্রসার ঘটাতে চায়। রয়টার্স।
গুয়াস প্রদেশের গভর্নর পাবলো অ্যারোসেমেনা এক সংবাদ সম্মেলনে বলেছেন, একজন গ্যাং নেতার মুক্তির পর ক্ষমতার শূন্যতার কারণেই সম্ভবত এই সহিংসতা শুরু হয়। তার মতে, পরিস্থিতির প্রেক্ষাপট হল, নির্দিষ্ট একটি সেল ব্লকে কোনো নেতা ছিল না। ৬০ শতাংশ সাজা পূরণ হওয়ায় একজন গ্যাং নেতাকে মুক্তি দিলে সেখানে শূন্যতা সৃষ্টি হয়। সেই শূন্যতা পূরণে অন্য সেল ব্লকের কয়েদিরা এগিয়ে এলে এই রক্তক্ষয়ী সংঘাতের সূচনা হয়।
ইকুয়েডরের গুয়ায়াস প্রদেশের গুয়াকুইলের উপকণ্ঠে পেনিটেনসিয়ার দেল লিটোরালে গত কয়েক মাস ধরে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত সেপ্টেম্বরেও সংঘর্ষে ১১৯ জন বন্দী নিহত হয়েছেন। দেশটির ভঙ্গুর কারাব্যবস্থায় এ বছর প্রায় ৩০০ জন বন্দী নিহত হলেন। এছাড়া হাজার হাজার সাধারণ বন্দী আহত হয়েছেন।