admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২১ ৮:৪২ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টার আশুলিয়া থেকেঃ আশুলিয়ায় গেদুরাজ বাহিনীর প্রধান দুধরাজকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। তিন থানায় ত্রাসের রাজত্ব কায়েম করা গেদুরাজ বাহিনীর প্রধান দুধরাজকে আশুলিয়ায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র্যাব-৪। ৬ মামলা ও ৪টি ওয়ারেন্টভুক্ত পলাতক এই আসামির বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি ও গার্মেন্টস কর্মীদের সম্ভ্রম হননচেষ্টার অভিযোগ রয়েছে। বিষয়টি নিশ্চিত করে র্যাব-৪-এর অপারেশন অফিসার সাজেদুল ইসলাম জানান, চতুর ও ধূর্ত এই আসামির নাম আব্দুল আলিম গেদুরাজ ওরফে যুবরাজ ওরফে দুধরাজ (৬১)।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে গত ২৪ ডিসেম্বর আশুলিয়ার শ্রীপুরের উত্তরপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। পলাতক এই দুধরাজকে ধরতে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি করা হচ্ছিল জানিয়ে তিনি আরো জানান, তাকে গ্রেপ্তারের পর প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এতে নিজের বিরুদ্ধে মোট ১০টি মামলা চলমান থাকার কথা জানিয়েছেন তিনি। এর মধ্যে সাভার ও আশুলিয়ায় ৩টি নারী ও শিশু নির্যাতন, একটি মাদকসহ সন্ত্রাসী ও চাঁদাবাজির মামলা রয়েছে
র্যাব জানায়, দুধরাজ তার সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী তিনটি থানা এলাকায় দীর্ঘদিন ধরে নানা অবৈধ তৎপরতা চালিয়ে আসছে। তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মানুষকে ভয়ভীতি দেখাতো বলে অভিযোগ রয়েছে। নানা অভিযোগের প্রেক্ষিতে দুধরাজের বিরুদ্ধে অনেকগুলো মামলা রুজু আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটির পক্ষ থেকে আরো জানানো হয়, গ্রেপ্তারের পর আসামি দুধরাজকে আশুলিয়া থানায় হস্তান্তর করেছেন তারা। এ ধরনের অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রাখা এবং আরো জোরদার করার কথাও জানানো হয়েছে।