admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২১ ১:০৭ অপরাহ্ণ
আমেরিকায় এক জরিপে মার্কিনিদের মধ্যে অর্ধেকের বেশি নাগরিক বিশ্বাস করে, বর্তমানে তাদের দেশের গণতন্ত্র ঠিক পথে চলছে না। হয়তো সেটি সংকটে রয়েছে, অথবা ইতোমধ্যেই ব্যর্থ হয়েছে। তরুণ নাগরিকদের ওপর করা সাম্প্রতিক এক জরিপে এই তথ্য জানা গেছে। হার্ভার্ড কেনেডি স্কুলের ইনস্টিটিউট অব পলিটিকসের করা জরিপটির ফল গতকাল বুধবার প্রকাশিত হয়। ওই জরিপে বলা হয়, ১৮-২৯ বছর বয়সীদের মধ্যে ৫২ শতাংশই এমন বিশ্বাস রাখে। এর মধ্যে ৩৯ শতাংশ নাগরিক মনে করে, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সমস্যার মধ্যে আছে। আর ১৩ শতাংশ নাগরিক আমেরিকাকে ব্যর্থ গণতন্ত্রের দেশ হিসেবে মনে করে।
জরিপে অবশ্য বলা হয়, ৭ শতাংশ তরুণ নাগরিক যুক্তরাষ্ট্রকে সুস্থ গণতন্ত্র হিসাবে দেখে। অন্যদিকে ২৭ শতাংশ তরুণ মনে করে, যুক্তরাষ্ট্রে কিছুটা কার্যকর গণতন্ত্র রয়েছে। আবার দলগত অবস্থান থেকে দেখা গেছে ভিন্ন চিত্র। শাসকদল ডেমোক্র্যাট সমর্থকরা মার্কিন গণতন্ত্রের স্বাস্থ্য সম্পর্কে সমানভাবে ভাগ হয়ে গেছেন। তাদের মধ্যে ৪৪ শতাংশ মনে করেন, দেশের গণতন্ত্র কিছুটা সুস্থ বা কার্যকরী রয়েছে। আবার ৪৫ শতাংশ মনে করে, গণতন্ত্র সমস্যায় পড়েছে বা ব্যর্থ হয়েছে।
তবে দেশটির বিরোধী পক্ষ রিপাবলিকান দলের সদস্যরা এক্ষেত্রে অনেকটাই একমত। দলের একটি বড় অংশ (৭০ শতাংশ) এ বিষয়ে একমত। দলের ৪৭ শতাংশ মনে করে দেশের গণতন্ত্র সমস্যায় আছে। আর দেশটিকে ২৩ শতাংশ দেশটিকে ব্যর্থ মনে করে। ২৬ অক্টোবর থেকে ৮ নভেম্বরের মধ্যে ২ হাজার ১০৯ জন সাক্ষাতকারের জরিপে এই ফল বের হয়েছে।