আফসানা
~~~~~~
শিপ্রা। (লাভলী)
সব দেখা দেখা নয়, সব অদেখা কখনো দেখা হয়——
স্তম্ভিত চরাচর, অথচ ছায়া আত্মগত
শামুকের গুটিয়ে নেয়ার মতো সন্ধ্যা নেমে আসে, এই অসময়ের পদ্মাশনে!!
এখন হয়তো ভীষণ চিন্তায় মগ্ন, ভুট্টার ক্ষেতে শুকনো কিছু শস্য
এই থমকে যাওয়া, গুটিগুটি পায়ে এগুচ্ছে নদীর কিনারায়
নিজের শহর ফেলে আসা বড্ড এক অ-সুখের বাঁধন!!
আর কিছু শোকের পাশে আফসানা——
আধখানা সুখ আধখোলা মিলন
যদিও বসন্তকাল যদিও কথারা চুপ!!
এখন দেখি, অফিস ভাঙা মুখে পোড়া গন্ধ——
খোঁচা দাড়িতে লেগে থাকা একাকী ছাপ
উপভোগ এবং আবেগগুলো মুক্তি খোঁজে!!
সময়টা বড্ড বে-গতিক, বড় সঙ্গীহীন ——
হাতড়ানো পিছুর রেশমী টানে মুঠোভরা শূন্যতা
সবসময় নিজস্বতা বলে থাকে না হয়তোবা!!
বেগম আকতারের গজল নিয়ে যায়, এক শূন্যতা থেকে আরেক নতুন জামানায়
অথবা ওমর খৈয়াম কিংবা মির্জা গালিব
আসলে ভালোবাসার সুক্ষ্মতা একটা শিল্প, একটা প্রেরণা!!
“শিপ্রা”
পশ্চিমবঙ্গ