admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৪ ৯:৩৮ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ আদমদীঘি মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও আদমদীঘি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শেখ সাদী সরকারের বিরুদ্ধে প্রায় কোটি টাকা আত্মসাত, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার প্রতারিত জনগণের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে আদমদীঘি উপজেলা নিবার্হী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। বেলা ১১ টায় উপজেলা সদরের বগুড়া-নওগাঁ মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ শেখ সাদী সরকার নিজ এলাকায় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ খুলে শিক্ষকদের নিকট থেকে লাখ লাখ টাকা গ্রহণ করে প্রতিষ্ঠানের নামে জায়গা ক্রয় না করে নিজ নামে জায়গা ক্রয় ও স্কুল গৃহ নির্মাণ না করে সেখানে তার নিজ বসতবাড়ী নির্মাণ করে বসবাস করে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের সাথে প্রতারণা করেছে। এছাড়া উক্ত অধ্যক্ষ এলাকার বিভিন্ন শ্রেণির লোকের কাছ থেকে সরকারি চাকুরী দেওয়ার নামে নগদ অর্থ গ্রহণ করে কোটি টাকার নিয়োগ বাণিজ্য করেছে। আমরা অত্র বিদ্যালয়ের অধ্যক্ষের সুষ্ঠ বিচার দাবী করছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা নাজমুল হুদা খন্দকার, সমাজ সেবক কামাল হোসেন, মৎস্য ব্যবসায়ী আবু তালেব দুলাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, আবু রায়হান, তহির উদ্দিন,শিক্ষক প্রতিনিধি আব্দুল আজিজ, আহসান হাবীব শিমুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়া মনিসহ সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রী।