admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২১ ১২:০২ অপরাহ্ণ
ব্যাংক চলবে সাড়ে ৩ ঘণ্টা। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর লকডাউন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শিথিল করা হয় ৮ দিনের জন্য। নির্ধারিত সময় শেষে আজ শুক্রবার সকাল ৬টা থেকে দেশব্যাপী ফের শুরু হচ্ছে ১৪ দিনের এই বিধিনিষেধ। এই সময়ে রোববার থেকে শুরু হচ্ছে ব্যাংক লেনদেন, স্বাস্থ্যবিধি মেনে চলবে সাড়ে ৩ ঘণ্টা। বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপন বলছে, সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক।
সীমিত লোকবল দিয়ে চলবে সব ব্যাংকের গুরুত্বপূর্ণ শাখাগুলোর কার্যক্রম। এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে। বিধিনিষেধের সময় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের অফিসে যাতায়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া পর্যাপ্ত অর্থ সরবরাহসহ এটিএম বুথগুলোর সেবা সার্বক্ষণিক চালু রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
ব্যাংকিং সেবার ক্ষেত্রে থাকছে হিসাবে নগদ এবং চেকে অর্থ জমা ও উত্তোলন, ডিমান্ড ড্রাফট বা পে-অর্ডার ইস্যু ও জমা গ্রহণ, রেমিট্যান্সের টাকা পরিশোধ, সরকারি সামাজিক কর্মসূচির ভাতা অথবা অনুদান বিতরণ ইত্যাদি। এর বাইরে একই ব্যাংকের খোলা থাকা শাখায় অর্থ স্থানান্তর, ট্রেজারি চালান গ্রহণ করা হবে। এদিকে, মানুষের চলাচল নিয়ন্ত্রণসহ ২৩ দফা বিধিনিষেধ আরোপ করেছে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি জারি করা এ সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী বন্ধ থাকবে বাস, ট্রেন, লঞ্চ ও ফেরিসহ সব ধরনের গণপরিবহন চলাচল।
সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে সরকারি ঘোষণামতে। শপিংমল-মার্কেটসহ দোকানপাট, শিল্প-কলকারখানা, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রও বন্ধ থাকবে। এর বাইরে জনসমাবেশ হওয়ার মতো সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠানও বন্ধ থাকবে। এই ঘোষণা ঈদের আগে দেয়ায় অনেকেই এরইমধ্যে রাজধানী ছেড়েছেন, আবার অনেকে ফিরেছেন ঢাকায়। লকডাউন শিথিলের শেষ দিন হওয়ায় আজ বাস, ট্রেন, লঞ্চ ও ফেরিতে উপচেপড়া ভিড় দেখা গেছে।
করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর হারে ঊর্ধ্বগতি দেখা দিলে গত ১ জুলাই থেকে দেশব্যাপী লকডাউন জারি করা হয়। সেই বিধিনিষেধ ১৪ জুলাই পর্যন্ত বাড়ানোর পর ২৩ জুলাই পর্যন্ত শিথিল করা হয়। কাল থেকে ১৪ দিনের জন্য আবারো কঠোর লকডাউনের কবলে পড়তে যাচ্ছে পুরো দেশ।