admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ মার্চ, ২০২১ ২:০৬ অপরাহ্ণ
আজ বুধবার কার্টুনিস্ট কিশোরের জামিন। কার্টুনিস্ট কিশোর ও লেখক মুশতাক আহমেদকে গত বছর একসঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায়। এর মধ্যে কারাগারে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন মুশতাক। এ নিয়ে দেশে-বিদেশে সমালোচনার ঝড় ওঠার পর এবার জামিন দেওয়া হলো কিশোরকে।
আজ বুধবার (৩ মার্চ) ছয় মাসের জন্য কিশোরের জামিন মঞ্জুর করে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তিনি বলেন, নির্দিষ্ট কিছু প্রক্রিয়া শেষে দুই-তিনদিনের মধ্যে কারাগার থেকে মুক্তি পাবেন কিশোর।
জানা যায়, ২০২০ সালের মে মাসে জনপ্রিয় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং লেখক মুশতাক আহমেদকে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকার বাসভবন থেকে গ্রেপ্তার করে পুলিশ। ফেসবুকে করোনাভাইরাস নিয়ে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো, জাতির জনকের প্রতিকৃতি, জাতীয় সংগীত এবং জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।