admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৫৮ অপরাহ্ণ
অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এনবিআরের কর্মকর্তাদের সামনে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ওয়াদা করা হয়েছিল যে, জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) অটোমেশন করা হবে। কিন্তু তা রাখতে না পেরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এনবিআরের কর্মকর্তাদের সামনে ক্ষোভ প্রকাশ করেছেন। সেরা করদাতাদের সম্মাননা ও ট্যাক্সকার্ড প্রদান অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীকে কথা দিয়েছিলাম অটোমেশন হবে। কথা দিয়েছিলাম জনগণকেও। কিন্তু অটোমেশনে কোনো অগ্রগতি নেই। কথা দিয়ে তা রাখতে পারলাম না। মুস্তাফা কামাল আরও বলেন, আর দেরি না করে এখনই অটোমেশনে হাত দেন। দীর্ঘদিনের অভ্যাস থেকে বেরিয়ে আসতে হলে কাউকে না কাউকে উদ্যোগ নিতে হবে।
অর্থমন্ত্রী বলেন, আমি আবারও বলবো, কর দিতে চান দেশের জনগণ, কিন্তু নিতে পারি না আমরা। এখন নিতে হবে। কর আদায় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেন, কয়েক বছর আগেও কর এবং জিডিপির অনুপাত ছিল ১০ শতাংশ। এখনও সেখানেই আছে। ধনী দেশ হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, যদি আমরা রাজস্ব আদায় বাড়াতে না পারি।