admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২১ ৯:৪৩ অপরাহ্ণ
সৌদি আরব ওমরাহ পালনে সুখবর দিলো। করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর বিদেশিদের জন্য ওমরাহ পালন বন্ধ করে দেয় সৌদি আরব। তবে মহামারির প্রকোপ কমলে বিধিনিষেধের আওতায় ইবাদতের সুযোগ দেয়া হয়। এবার করোনা টিকার দুই ডোজ নেয়ার শর্তে ওমরাহ পালনের অনুমতি পাচ্ছেন বিদেশি মুসলমানরা। আজ রোববার সৌদি হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমন ‘সুখবর’ দিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
তাতে বলা হয়, টিকার পূর্ণ ডোজ নেয়া ব্যক্তিরাই কেবল ওমরাহ পালনে দেশটিতে প্রবেশের অনুমতি পাবেন। এ জন্য টিকাদানের সনদ বাধ্যতামূলক করা হয়েছে। সৌদি সরকারি ঘোষণার বরাত দিয়ে রয়টার্স জানায়, চলতি বছরের ১০ আগস্ট (১ মহররম) থেকে ওমরাহ পালনের অনুমতি পাবেন বিদেশি মুসলিমরা। ১৮ বছর বা তার ওপরের যাদের বয়স, তারাই কেবল এই ইবাদতের জন্য দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন।
খবরে বলা হয়েছে, চলতি বছর ওমরাহ পালনে ইচ্ছুক সৌদিসহ অন্যান্য দেশের মুসলিমদের আবেদনপত্র জমা নেয়া হবে। এর সঙ্গে আবশ্যিকভাবে যুক্ত করতে হবে টিকার সনদের অনুলিপি। এই শর্তে নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর মুসলিমরাও ওমরাহ পালনের সুযোগ পাবেন। তবে এ ক্ষেত্রে সৌদি সরকার অনুমোদিত কোয়ারেন্টাইন কেন্দ্রে নির্দিষ্ট সময় অবস্থান করতে হবে।
এর আগে গত বছর করোনা শুরুর পর অনির্দিষ্টকালের জন্য হজ ও ওমরাহ পালন স্থগিত ঘোষণা করে সৌদি কর্তৃপক্ষ। সেটি ৬ মাসেরও বেশি সময় কার্যকর থাকার পর দেশটির নাগরিকদের ওমরাহ পালনের অনুমতি দেয়া হয়। এ ক্ষেত্রে সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার শর্ত জুড়ে দেয়া হয়েছিল তখন।