admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২১ ১২:২৭ অপরাহ্ণ
সুন্দরবনের গহীনে একটি বাঘের মৃত্যু হয়েছে। বন বিভাগের কর্মীরা মৃত অবস্থায় পড়ে থাকা বাঘটি উদ্ধার করেছে। বাঘটি উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসার কথা জানা গেছে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি রাজাখালী খালের পাশ থেকে রোববার সন্ধ্যায় বাঘটির মরদেহ উদ্ধার করা হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, প্রথমে জেলেরা সুন্দরবনের গহীনে মৃত বাঘটি দেখতে পায়।
পরে তারা খবর দিলে বন বিভাগের কর্মীরা বনের গহীনে চলে যান এবং সেখানে একটি বাঘ মরে পড়ে থাকতে দেখেন। পরে তারা সেটি উদ্ধার করেন। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান। তিনি বলেন, গভীর অরণ্যে একটি বয়স্ক মৃত বাঘ পাওয়া গেছে। সেটি উদ্ধার করে রেঞ্জ অফিসে আনা হবে।
বনবিভাগের এই কর্মকর্তা বলেন, তারা ধারণা করছেন বয়স হওয়ার কারণে বাঘটি মারা যেতে পারে। তবে ফরেনসিক রিপোর্ট পেলে বাঘটির প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।