admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২০ ৮:২৮ পূর্বাহ্ণ
পররাষ্ট্রমন্ত্রী বলেছেন রায়হান হত্যার বিচার হবে কথা দিলেন। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান নামে এক যুবকের হত্যাকাণ্ডের ঘটনায় আন্দোলনের নামে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা না করেন, সে বিষয়ে সতর্ক করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, করোনার মধ্যে স্বাস্থ্যবিধি ভেঙে আন্দোলনের দরকার নেই। কথা দিচ্ছি, রায়হান হত্যার সুষ্ঠ বিচার করা হবে এবং অপরাধী ছাড় পাবে না।
মঙ্গলবার সিলেটে নিহতের বাড়ি গিয়ে পরিবারকে সান্ত্বনা দেয়ার পাশাপাশি সুষ্ঠ বিচারের আশ্বাস দেন মন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ মামলায় প্রধানমন্ত্রীসহ সরকারের ওপর মহলের নজরদারি রয়েছে। কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না। প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসেন ভূইয়া বিদেশে পালিয়ে গেলেও তাকে ফিরিয়ে আনা হবে, তবে সে এখনো দেশের বাইরে যায়নি বলেই বিশ্বাস। সীমান্তগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় আছে।
সিলেট মহানগর পুলিশের বিরুদ্ধে তথ্য গোপন, আকবরকে পালিয়ে যেতে সহায়তা ছাড়াও বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, দুই-একজন অপরাধীর জন্য পুরো বাহিনীকে দোষারোপ না করাই ভালো। কারণ জড়িতদের কোনো সাহায্য করেনি পুলিশ। তারা খুবই দক্ষ এবং অনেক বড় বড় অপরাধীদের গ্রেপ্তার করে সেই প্রমাণও দিয়েছে।
নিহত রায়হানের বাড়িতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসআই আকবর পুলিশের জন্য লজ্জা এবং এ রকম কুলাঙ্গারের কারণে পুলিশ বাহিনী লজ্জিত। তাকে কেউ বাঁচানোর চেষ্টা করছে না, বরং সুষ্ঠু তদন্ত চলছে। তবে যাদের সহায়তা নিয়ে সে পালিয়ে গেছে, তাদের ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে কোনো কোনো গণমাধ্যম বলছে, পলাতক থাকা অবস্থায় এসআই আকবরকে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে এ বিষয়ে বিস্তারিত এখনো পাওয়া যায়নি।বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে আকবরকে গ্রেপ্তারের কথা বলা হয়েছে। কিন্তু পিবিআই বা থানা পুলিশ বিষয়টি স্বীকার করেনি।