admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২১ ১১:১৮ পূর্বাহ্ণ
সিইসি ভোটের আগেই মাস্তানদের গ্রেপ্তারে নির্দেশ দিলেন। যেসব মাস্তান নির্বাচনী এলাকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আগাম গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার, সিইসি, কে এম নূরুল হুদা। আগারগাঁও নির্বাচন ভবনে সংশ্লিষ্টদের নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে আজ বুধবার, ২৪ নভেম্বর, সাংবাদিকদের এ কথা জানান তিনি। সিইসি বলেন, পাড়া-মহল্লায় গিয়ে পাহারা দিয়ে সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। সবাইকে সহযোগিতা করতে হবে যাতে নির্বাচনে পরিবেশ ভালো থাকে। ইতোমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। আরো অনেককে গ্রেপ্তারের তৎপরতা চলছে।
আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে আগামী নির্বাচনগুলোতে সহিংসতা রোধ করা যায়। এ জন্য আজকের সভায় আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। নূরুল হুদা বলেন, নির্বাচনী আচরণবিধি অনুসরণ করছেন সংসদ সদস্য ও মন্ত্রীরাও। তবে দুই চার জনের বিরুদ্ধে না মানার অভিযোগ এসেছে। এলাকা ছাড়ার জন্য তাদের চিঠি দেওয়া হয়েছে। প্রত্যেকটি ঘটনা তদন্ত করা হচ্ছে। অতীতেও আচরণবিধি লঙ্ঘন করলে মামলা করা হয়েছে, আগামীতেও প্রয়োজনে মামলা করা হবে।
তিনি আরো বলেন, আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে আগামী নির্বাচনে কোনো সহিংসতা না হয়। তবে তাই বলে এমন নিশ্চয়তা আমরা দিতে পারি না যে, একটাও সহিংসতা হবে না কিংবা মারামারি হবে না। আমরা চেষ্টা করব এগুলো নিয়ন্ত্রণ করতে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে ইতোমধ্যে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া নজরদারি বাড়ানো এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।