admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২১ ৭:১০ অপরাহ্ণ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদার মুক্তির আবেদন আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্রে। বেগম খালেদা জিয়ার মুক্তির আবেদন করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। সেই আবেদনে আইন মন্ত্রণালয়ের মতামত যুক্ত করে পাঠিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে মতামতে কী উল্লেখ করা হয়েছে, তা প্রকাশ করতে নারাজ আইনমন্ত্রী। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে গত সপ্তাহে এই আবেদন করেছেন তার ছোট ভাই শামীম এস্কান্দার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর করা এই আবেদনের ব্যাপারে এতদিন কোনো পক্ষই কিছু জানায়নি। আবেদনটির আইনি দিক পর্যালোচনা করার জন্য সেটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। মতামতসহ আজ আবার সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বর্তমানে জার্মানি রয়েছেন। ১০ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন। তখন আইন মন্ত্রণালয়ের মতামত দেখে এ ব্যাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তিনি।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা হয় খালেদা জিয়ার। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ২৫ মাস কারাভোগের পর সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের দণ্ড স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে এই স্থগিতাদেশ দুই দফা বাড়ানো হয়। এর মধ্যেই করোনা ছাড়াও নানা শারীরিক জটিলতায় বেশ অনেকদিন হাসপাতালে ছিলেন তিনি।