admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২১ ৮:৫৯ অপরাহ্ণ
র্যাব গাড়ি চুরি-ছিনতাই নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানাল। গাড়ি ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ ৫ সদস্যকে সম্প্রতি গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব। তাদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে আজ শনিবার জানিয়েছে সংস্থাটি। সেখানে গাড়ি চুরির পর চক্রটি যেসব ঘটনা ঘটাতো, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। এ বিষয়ে জানাতে কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে র্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। এতে কথা বলেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন খান।

তিনি জানান, শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গাড়ি চোরাই চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- আজিম উদ্দিন (৩৮), রফিক উল্লাহ (২৬), মো. সেলিম (৫০), কামরুল হাসান (২৬) ও ওমর ফারুক (২৫)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাই করা ৩টি পিক-আপ ভ্যান, ১টি সিএনজি অটোরিকশা, ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি, ৩টি ছোরা, ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। এর আগে গত ১১ আগস্ট রাজধানীর দারুস সালাম থেকে চক্রের আরো ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নতুন ৫ জনকে গ্রেপ্তার করে র্যাব ।
এসব তথ্য জানিয়ে খন্দকার আল মঈন খান বলেন, সংঘবদ্ধ গাড়ি ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত ১৫-২০ জন। তাদের মূলহোতা আজিম উদ্দিন। চক্রটি গত ৫-৬ বছর দেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক গাড়ি চুরি বা ছিনতাই করার কথা স্বীকার করেছে। তাদের নামে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা ও গাজীপুরে বেশ কয়েকটি মামলা রয়েছে।
গাড়ি চুরি-ছিনতাইয়ের পর যা যা ঘটেঃ র্যাব জানায়, চক্রটির সদস্যরা কয়েকটি দলে বিভক্ত হয়ে ছদ্মবেশে গাড়ি চুরি বা ছিনতাই করে থাকে। প্রথম দলের সদস্যরা গাড়ি, চালক-মালিক ও গাড়ির গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করে। সেই তথ্যের ভিত্তিতে গাড়ি ছিনতাই বা চুরি করে দ্বিতীয় দলটি।
পরে চক্রের অভিজ্ঞ চালক ও মেকানিকরা লক খুলে গাড়িটি দ্রুত সরিয়ে ফেলে, লুকিয়ে রাখা হয় ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে। তারা কখনো চালকদের প্রলুব্ধ করে ছিনতাইয়ের নাটক সাজায়, কখনো গাড়ি ভাড়া করে মাঝ পথে চালককে চেতনানাশক দিয়ে গাড়ি চুরি করে।