admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২০ ১২:৫৭ পূর্বাহ্ণ
রাশেদ খান হত্যা মামলার আসামি ওসি প্রদীপ জবানবন্দি দেননি,কারাগারে পাঠানোর আদেশ। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার দুই নম্বর আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশকে চতুর্থ দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার এ আদেশ দেন কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ।
ওসি প্রদীপ কুমার দাশ এর আগে গতকাল বিকেল ৩টার দিকে ওসি প্রদীপ কুমার দাশকে র্যাবের একটি দল আদালতে হাজির করে। শুনানি শেষে বিকেল সাড়ে চারটার দিকে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এরপর আসামিকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
তথ্যটি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) খায়রুল ইসলাম বলেন, সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে চার দফায় মোট ১৫ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দীর্ঘ এই সময়ে তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো এখন যাচাই-বাছাই করা হচ্ছে।
আজ মঙ্গলবার চতুর্থ দফায় একদিনের রিমান্ড শেষে তাকে আদালতের কাছে সোপর্দ করা হয়। তখন আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে ওসি প্রদীপ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেননি, যোগ করেন খায়রুল ইসলাম।
এদিকে, ওসি প্রদীপ কুমারের নামে নতুন মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে মামলার দ্বিতীয় আসামি করা হয়েছে তাকে। প্রথম এবং প্রধান আসামি প্রদীপের স্ত্রী চুমকি। তার নামে ইতোমধ্যেই অবৈধভাবে অর্জন করা চার কোটি টাকার সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য চুমকিকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।