admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২১ ৮:০৩ অপরাহ্ণ
রাজারবাগ পীরের মামলার হাইকোর্ট সেকশন থেকে নথি গায়েব! রাজধানীর রাজারবাগের কথিত পীর দিল্লুর রহমান ও সহযোগীদের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের করা মামলার নথি সেকশন থেকে গায়েব হয়ে গেছে। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে ফাইল খুঁজে বের করতে সেকশন সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার বিচারপতি ইনায়েতুর রহিম ও মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি করা আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও এমাদুল হক বশির।

গত ২ ডিসেম্বর রাজারবাগের পীর সিন্ডিকেটের চার জনের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি সম্পূরক রিট আবেদন করা হয়। তারা হলেন- কথিত পীর দিল্লুর রহমান, তার সহযোগী শাকিরুল কবির, ফারুকুর রহমান ও মফিজুল ইসলাম। ব্যবসায়ী একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ৪৯টি মামলা করে এই পীর সিন্ডিকেট। এ ঘটনায় ন্যায়বিচার ও দায়ীদের খুঁজতে তদন্তের নির্দেশনা চেয়ে ভুক্তভোগীর পক্ষে রিট দায়ের করেন আইনজীবী এমাদুল হক বশির।
এর ওপর শুনানি করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডিকে মামলাগুলো তদন্ত সাপেক্ষে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে রুলসহ আদেশ দেন হাইকোর্ট। সিআইডির প্রতিবেদনে পীর সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবসায়ী কাঞ্চনকে মামলা দিয়ে হয়রানির তথ্য উঠে আসলে নতুন আদেশ আসে গত ১৯ সেপ্টেম্বর। এতে দুর্নীতি দমন কমিশন, দুদককে রাজারবাগ পীরের সকল সম্পদের তথ্য খুঁজতে, জঙ্গি সম্পৃক্ততা তদন্তে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, সিটিটিসিকে এবং উচ্চ আদালতে রিট করা ৮ জনকে হয়রানির মামলা তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেয়া হয়।
এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্তে নামে, দিল্লুর অবৈধ সম্পদের অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত টিম গঠন করে দুদক। দিল্লুর রহমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ধর্মের নামে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে নিজের আখের গুছিয়ে নিচ্ছেন। এর মাধ্যমে নানা অনিয়মের আশ্রয় নিয়ে সারা দেশে ৭ হাজার একর জমি কিনেছেন। রাবার বাগানসহ অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন দিল্লুর। এসব ক্ষেত্রে বিস্তর অভিযোগ পাওয়ার পর প্রাথমিকভাবে সেগুলো যাচাই-বাছাই করে দুদক। পরে অভিযোগের সত্যতা পাওয়া বিস্তারিত তথ্য সংগ্রহে অনুসন্ধানে নামার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। রাজধানীর ৫ নম্বর আউটার সার্কুলার রোডে আলোচিত-সমালোচিত এই রাজারবাগের দরবার শরিফ অবস্থিত।