admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২১ ৫:৪৫ অপরাহ্ণ
রাজধানী ঢাকায় বায়তুল মোকাররম এলাকায় মিছিল, আটক ৫জন। পবিত্র কোরআন অবমাননার অভিযোগ এনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে যে সহিংসতার ঘটনা ঘটেছে, সেটা ছড়িয়ে পড়তে পারে রাজধানী ঢাকায়-এমন আশঙ্কা করা হচ্ছিল কয়েকদিন ধরেই। সেই আশঙ্কা থেকে আজ শুক্রবার জুমার নামাজের সময় বায়তুল মোকাররম এলাকায় কড়া পাহারা বসায় আইনশৃঙ্খলা বাহিনী। তারপরও নামাজের পর মিছিল বের করেন মুসল্লিরা। এ সময় পুলিশ বাধা দিলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। জলকামান দিয়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ।
মুসল্লিরা বিভিন্ন গলিতে অবস্থান নিলে সেখানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান। এদিকে, কুমিল্লার পর চাঁদপুর, নোয়াখালী এবং চট্টগ্রামে সহিংসতা সৃষ্টির সন্দেহে এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক ব্যক্তিকে আটক করার কথা জানানো হয়েছে।
এসব ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকটি মামলা হয়েছে। আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে কুমিল্লা ও চাঁদপুরে। একদিকে তদন্ত কমিটি উস্কানিদাতাদের চিহ্নিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে অপরদিকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।